নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আট বছর ধরে ভেঙে পড়ে থাকা একটি ব্রীজ সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ১০ থেকে ১২টি গ্রামের মানুষ। স্থানীয়দের উদ্যোগে তৈরি বাঁশ ও ড্রামের অস্থায়ী সাঁকোটিও বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পার হতে হচ্ছে স্কুলশিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও কৃষকদের। উপজেলার ছিনাই ইউনিয়নের মেকলী–ছাটকালুয়া সংযোগ সড়কের ওপর অবস্থিত প্রায় ৪০ মিটার দৈর্ঘ্যের ব্রীজটি ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যায়। দীর্ঘ আট বছর পার হলেও ব্রীজটি আজও সংস্কার হয়নি। ভেঙে পড়া ব্রীজের অধিকাংশ অংশ ঝুলে থাকা কংক্রিট ও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ব্রীজ ভেঙে যাওয়ার পর স্থানীয়রা...
১০৯
নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আট বছর ধরে ভেঙে পড়ে থাকা একটি ব্রীজ সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ১০ থেকে ১২টি গ্রামের মানুষ। স্থানীয়দের উদ্যোগে তৈরি বাঁশ ও ড্রামের অস্থায়ী সাঁকোটিও বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পার হতে হচ্ছে স্কুলশিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও কৃষকদের।
উপজেলার ছিনাই ইউনিয়নের মেকলী–ছাটকালুয়া সংযোগ সড়কের ওপর অবস্থিত প্রায় ৪০ মিটার দৈর্ঘ্যের ব্রীজটি ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যায়। দীর্ঘ আট বছর পার হলেও ব্রীজটি আজও সংস্কার হয়নি। ভেঙে পড়া ব্রীজের অধিকাংশ অংশ ঝুলে থাকা কংক্রিট ও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ব্রীজ ভেঙে যাওয়ার পর স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ, দড়ি ও ড্রাম দিয়ে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করেন। তবে সেটিও দফায় দফায় ভেঙে পড়ে এখন প্রায় অচল। বর্তমানে ড্রামের ভাঙা ভুরার ওপর দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে মানুষকে। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, ২০১৭ সালে ব্রীজটি ভেঙে যাওয়ার পর আমরা গ্রামবাসী মিলে বাঁশ আর ড্রাম দিয়ে কোনোমতে যাতায়াত করছি। কিন্তু এখন সেটাও ভেঙে গেছে। খুব কষ্টে চলতে হয়।
স্কুলশিক্ষার্থী মনির হাসান জানায়, ড্রামের ভাঙা ভুরা দিয়ে স্কুলে যেতে গিয়ে প্রায়ই ভিজে যাই। আর বিকল্প রাস্তা দিয়ে গেলে অনেক দূর ঘুরতে হয়। এতে আমাদের অনেক কষ্ট হয়।
স্থানীয় নারী মজিরন নেছা বলেন, কোনো রোগী হলে হাসপাতালে নেয়ার গাড়ি ঢোকার উপায় নেই। আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়িও আসতে পারে না। আমরা সব সময় ভয় আর ঝুঁকির মধ্যে আছি।
এ বিষয়ে এলজিইডি রাজারহাট উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) আব্দুর রশিদ মণ্ডল জানান,“ছিনাই ইউনিয়নের ভিডব্লিউডি ইনভারমেন্ট মেকলী মৌজার সুলতান চাঁদনী সড়কের ১৯৮০ মিটার চেইনেজে অবস্থিত ব্রীজটি ভেঙে গেছে। এটি অনূর্ধ্ব ১০০ মিটার ব্রীজ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত রয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ব্রীজটি পুনর্নির্মাণ করা হবে।
এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব একটি নতুন ব্রীজ নির্মাণ করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।