
নিজস্ব প্রতিবেদক : মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বরিশালের মুলাদীতে ৯৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘মুলাদী ফোরাম, ঢাকা’। এসএসসি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ এসব শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৮ জন এবং ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৬৫ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী ফোরাম, ঢাকার সভাপতি ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার।
মকবুল হোসেন কলেজের উপাধ্যক্ষ ইফতেখার আহম্মেদ অলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, চিকিৎসক মুহাম্মদ মোশাররফ হোসাইন জিলু, চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন হাওলাদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমন এবং ইসলামাবাদ নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আবু সালেহসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। এ ধরনের আয়োজন শুধু কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করে না, বরং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, একটি এলাকার শিক্ষার অগ্রগতিতে স্থানীয়ভাবে সফল ব্যক্তিদের পাশাপাশি প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। মেধাবীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ড. মো. মিজানুর রহমান বলেন, “মুলাদীর শিক্ষা ও সামাজিক উন্নয়নে ‘মুলাদী ফোরাম, ঢাকা’ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা একে একে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেন। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের মেধাকে দেশ ও সমাজের কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে।
Reporter Name 


















