
নিজস্ব প্রতিবেদক : আটক নারীদের একজন পাকিস্তান যাওয়ার উদ্দেশে পরিকল্পিতভাবে অন্যের পরিচয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন বলে দাবি কর্তৃপক্ষের।
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অন্যের নামে আঙুলের ছাপ দিয়ে পাসপোর্ট তৈরি করতে গিয়ে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয় বলে জানান ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ।
আটকরা হলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন ব্রিজ এলাকার হোসেন আলীর মেয়ে রুহি আক্তার এবং বরিশাল সদর উপজেলার ভাটিখানা এলাকার মো. শহীদের মেয়ে জাফরিন আক্তার।
পাসপোর্ট কার্যালয় থেকে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম রোড এলাকার বাসিন্দা শিল্পী আক্তারের নামে পাসপোর্টের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় রুহি আক্তারকে শনাক্ত করা হয়। এ সময় তার সহযোগী জাফরিন আক্তারকেও আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে মোহাম্মদ শফিউল্লাহ বলেন, “রুহি আক্তারের নিজস্ব কোনো জাতীয় পরিচয়পত্র নেই। পাকিস্তান যাওয়ার উদ্দেশে তিনি পরিকল্পিতভাবে অন্যের পরিচয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন।
“পাসপোর্ট সংগ্রহের উদ্দেশ্যে প্রায় নয় মাস ধরে তিনি বরিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শফিউল্লাহ।
Reporter Name 























