
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন রাত ১২টার পর কেক কেটে দিবসটি পালনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের কক্ষে কয়েকজন নেতা-কর্মী একত্রিত হয়ে দলীয় স্লোগান দিচ্ছেন এবং কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করছেন। ভিডিওর বিভিন্ন অংশে উপস্থিত ব্যক্তিদের উচ্ছ্বাস প্রকাশ ও দলীয় স্লোগান দিতে দেখা যায়।
ভিডিওর শেষাংশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপনের একটি বক্তব্যও সংযুক্ত রয়েছে বলে ভিডিওতে দেখা গেছে।
তবে ভিডিওটি ঠিক কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ভিডিওটি বাবুগঞ্জ থানার আওতাভুক্ত এলাকার নয়। বাবুগঞ্জ থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে মাঠে কঠোর অবস্থানে রয়েছে।
Reporter Name 





















