
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, নৌপথের চলাচলের ক্ষেত্রে স্রোতের সাথে বালি এসে নাব্যতা সংকট তৈরি হয় এজন্য প্রতিবছর মেইনটেইন্যান্স ড্রেজিং করতে হয়।
পটুয়াখালী নদীবন্দরের প্রবেশমুখে যে নাব্যতা সংকট তৈরি হয়েছে তা ঈদের আগেই সমাধান হয়ে যাবে। এখন প্রতিদিন ১টি লঞ্চ চলাচল করলেও ঈদের আগে-পরে যাত্রীদের প্রয়োজনে একাধিক লঞ্চ চলাচল করবে তাই নৌপথকে চালু রাখতে আগে থেকেই কাজ চলছে।
গতকাল রোববার পটুয়াখালী নদীবন্দরের প্রবেশমুখে নাব্যতা সংকট সমাধানে কাজ করা ড্রেজিং কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এদিকে আলতাফ হোসেন চৌধুরী বন্দরে আগমনের পরে বন্দরের সহকারী পরিচালক জাকি শাহরিয়ারর ড্রেজিংএর বিষয় তাকে বিস্তারিত জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না, অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন, অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, অ্যাডভোকেট আল-আমিন সুজন, জেসমিন জাফর প্রমুখ।
তিনি আরো বলেন, স্থায়ী নদী শাসনের জন্য প্রকল্প নেয়া হবে, বিগত সময়ে এ সব নদী শাসনসহ ড্রেজিংয়ের নামে ব্যাপক লুটতরাজ হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যাতে না হয় সে বিষয়ে আমরা সজাগ থাকবো।
Reporter Name 














