
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়েছে। বরিশালের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্রুত আমলি বিচার আদালতে মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তানজিদুল হক (তানজিদ মঞ্জু)।
মামলায় উল্লেখ করা হয়, গত বছরের ২৬ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে বরিশাল মেরিন একাডেমির সামনে নভোথিয়েটার সংলগ্ন আনন্দবাজার এলাকায় তানজিদ মঞ্জুর একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
ওই ঘটনায় নিজ বিভাগের ১৭জন শিক্ষার্থীসহ মোট ২৩ শিক্ষার্থীকে আসামি করে মামলাটি দায়ের করেন মঞ্জু।
যেখানে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মিঠুকে ১ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানকে ৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন— ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাবুল মিয়া, রাকিন, মিজানুর রহমান, প্রীতম, আতিক আবদুল্লাহ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন স্বজনসহ মোট ২৩ জন।
বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ আগস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটকের চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান।
এ সময় ঘটনাস্থলে তার ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এবিষয়ে এখনো বাদি বিবাদির কোন বক্তব্য পাওয়া যায়নি।
Reporter Name 















