
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের ৮টি জোন ও ৫৭টি ওয়ার্ডে শিগগিরই উন্নতমানের খেলার মাঠ ও আধুনিক ফুটসাল টার্ফ নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সিটি প্রশাসক শওকত হোসেন সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে টঙ্গী প্রেসক্লাব আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের দুই বছর : অর্জন, প্রত্যাশা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে জমি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় ডিপিপি প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।
তিনি আরও জানান, টঙ্গীর ঐতিহ্যবাহী কলেজগেট অডিটোরিয়াম ও স্টেডিয়াম প্রাঙ্গণ সিটি করপোরেশনের অর্থায়নে উদ্ধার করা হয়েছে। বুয়েটের প্রকৌশলীদের দিয়ে সেখানে আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক স্টেডিয়াম এবং সিটির আঞ্চলিক কার্যালয়ের স্থানে ১০ তলা ভবনের নকশার কাজ চলছে।
জনভোগান্তি নিরসনে বিআরটি প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা, চেরাগ আলী ও কলেজগেট এলাকায় রেইলিং ফেনসিং নির্মাণ, নতুন ফুটওভার ব্রিজ চালুর পাশাপাশি টঙ্গী প্রেস ক্লাবের জন্য একটি নিজস্ব ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণের সুনির্দিষ্ট আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ এর যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হলো স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা ও একটি মুক্ত বাংলাদেশ। বিগত সরকারের শাসনামলে সাংবাদিকতা ও বাকস্বাধীনতা চরমভাবে হরণ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, অপ-সাংবাদিকতা দূর করতে হলে পেশাদার সাংবাদিকদের সঠিক মূল্যায়ন ও তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় প্রেস ক্লাব, প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন এবং সাংবাদিকদের সরকারি কর্মকর্তা স্কেলের বেতন ভাতা বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়াও সাংবাদিকদের স্বার্থরক্ষায় অনেক অবদান রেখেছেন।
টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মেরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দীন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, জিএমপি (দক্ষিণ)-এডিসি মোহাম্মদ জিয়াউল হক, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম ও সৈয়দ আতিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Reporter Name 



















