
নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহনে দুটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট ও রোলিং পেপার জব্দ করেছে কোস্টগার্ড। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, রবিবার রাতে লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকায় দুটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে মজুত করা বিভিন্ন ব্র্যান্ডের ৩০ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।
এ ছাড়া গাঁজা সেবনে ব্যবহৃত ৩৪৮ বান্ডেল রোলিং পেপার জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫২ হাজার ২০০ টাকা।
কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, অভিযান পরিচালনার সময় অসাধু ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা সিগারেট ও রোলিং পেপারের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 






















