
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঁঠালিয়ায় বেড়িবাঁধ নির্মাণকাজে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি ভূমিদস্যু চক্র মানববন্ধনে হামলা চালায়। পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পশ্চিম আউরা এলাকার তালতলা খালে বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর স্থানীয় কৃষকদের ফসল, গাছপালা, মৎস্য এবং পানের বরজসহ বিভিন্ন মৌসুমি উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়। দুর্যোগের সময় খালের পানি ঢুকে বসতঘর তলিয়ে যায়। এ ছাড়া বেড়িবাঁধ না থাকায় শিক্ষার্থী, নারী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ অবস্থায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার খালের তীরে প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু করে।
অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন লোকজন নিয়ে নির্মাণকাজে বাধা দেন। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। পরে নির্মাণকাজ পুনরায় শুরুর দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করলেও কোনো প্রতিকার না পেয়ে মানববন্ধনের আয়োজন করে।
এ সময় মানববন্ধন পণ্ড করতে নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক হামলা চালায় বলে অভিযোগ করেন অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী মো. গোলাম রব্বানী মিলন, কলেজছাত্রী নাজমা আক্তার ও গৃহিণী মাসুমা বেগম।
তবে অভিযোগ অস্বীকার করে সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমাদের জমি ক্ষতিগ্রস্ত করে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। মানববন্ধনে কোনো হামলা করা হয়নি।
Reporter Name 



















