
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে পুনঃগণনার দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল।
রোববার (আজ) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন তারা। ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।
যেসব ৩০টি আসনে পুনঃগণনার আবেদন জানানো হয়েছে, সেগুলো হলো— ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।
এর আগে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব অভিযোগ সামনে আনেন।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৩০টি আসনে ‘চরম অব্যবস্থাপনা’ লক্ষ্য করা গেছে। কোথাও ভোট জালিয়াতি, কোথাও কারচুপি হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ফলাফলের কাগজপত্রে ওভাররাইটিং, ঘষামাজা এবং বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। এসব বিষয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।
জুবায়ের আরও অভিযোগ করেন, কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু আসনে খুব দ্রুত ফল ঘোষণা করা হয়েছে— যা নিয়ে পক্ষপাতের আশঙ্কা তৈরি হয়েছে। যেসব আসনে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়ম হয়েছে বলে তাদের দাবি, সেসব আসনে পুনঃগণনার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হবে। পাশাপাশি প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলি উল্লাহ নোমান।
Reporter Name 



















