
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ফাহিম হাওলাদার (১৩) নামে সপ্তম শ্রেণির এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নিজ বাড়ির ঘরে সিলিং ফ্যানের রডের সঙ্গে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ফাহিম উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বৃক্ষতলা এলাকার মো. শাহীন হাওলাদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফাহিম পড়ালেখায় অনিয়মিত হয়ে অধিকাংশ সময় মোবাইলে গেম খেলত। এ বিষয় নিয়ে তার মা বকাঝকা করলে অভিমান করে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে মা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্বজনদের নিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। দ্রুত ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাহিমের ফুফা আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। পরে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এবিষয়ে ভা-ারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Reporter Name 





















