
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, মৎস্যজীবী ও মৎস্যচাষীদের কল্যাণে বরাদ্দকৃত সব ধরনের সুযোগ-সুবিধা সুষমভাবে বণ্টন করা হবে।
তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে তাঁর প্রথম তিন মাসের প্রাপ্য সম্মানী গরিব ও অসহায় মৎস্যজীবীদের মাঝে বিতরণ করা হবে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন বালুরমাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, সফল মৎস্যচাষী পুরস্কার, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় এমপি জয়নুল আবেদীন আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে মৎস্যচাষী ও জেলেদের জন্য বরাদ্দকৃত সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করবেন।
তিনি মীরগঞ্জ-মুলাদী আড়িয়াল খাঁ নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের বিষয়েও আশাবাদ ব্যক্ত করে বলেন, সেতু নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ইতোমধ্যে মাটি পরীক্ষা ও নকশা প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রমও অচিরেই সম্পন্ন করা হবে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক শামসুল আলম ফকির, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, শ্রমিক দলের সভাপতি ফরিদ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুসহ প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
Reporter Name 


















