
নিজস্ব প্রতিবেদক : বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
পায়ের হিপ জয়েন্ট ভেঙে গত প্রায় ৭ মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। মার্চের শেষভাগে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করার পর গত ২৫ এপ্রিল পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিন্তু এর পরেও উচ্চ রক্তচাপ, সোডিয়াম ঘাটতি সমস্যা ও অক্সিজেন ঘাটতিজনিত কারণে নানা উপসর্গে ভুগছিলেন তিনি। শুক্রবার বিকেলে তাকে দ্বিতীয় দফায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা শুরু করা হলে সেখানে তার পরিস্থিতির আরও অবনতি ঘটে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শনিবার সকাল সোয়া ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মরহুম ইসমাইল হোসেন নেগাবান স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ইসমাইল হোসেনের মৃত্যুতে বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদের প্রশাসক আখন কুদ্দুসুর রহমান, বরিশাল চেম্বারের সভাপতি এবাদুল হক চান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জেম হোসাইন হেলাল, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান খসরু, সম্পাদক এসএম জাকির হোসেন ছাড়াও বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার বাদ এশা মু. ইসমাইল হোসেনের নামাজে জানাজা শেষে বরিশাল কেন্দ্রীয় মুসলিম গোরস্থানে দাফন করার কথা রয়েছে।
Reporter Name 




















