
নিজস্ব প্রতিবেদক : বরিশাল অঞ্চলকে ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংকের আয়োজনে চার দিনব্যাপী ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে নগরীর পাইকারি কাঁচাবাজার সিটি মার্কেটে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
কাগজের টাকার ব্যবহার ও লেনদেনে নিরাপত্তা ঝুকি কমাতে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা চালু করার লক্ষ্যে নগরীর লঞ্চঘাট সংলগ্ন পাইকারি কাঁচা বাজার সিটি মার্কেটে একটি অস্থায়ী বুথ করেছে ব্যাংকটি। সোমবার ব্যাংকের বরিশাল শাখার উদ্যোগে সেখানে চার দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিংয়ের কার্যক্রমের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের রিজোনাল ম্যানেজার ও উপ-মহা ব্যবস্থাপক মোঃ মোসাহিদুল্লাহ।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বরিশাল শাখা ব্যবস্থাপক ও উপ-মহা ব্যবস্থাপক মোঃ ইদ্রিসুর রহমান। উপস্থিত ছিলেন রিজোনাল অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক উজ্জল হালদার ও সিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জামালসহ পূবালী ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকগণ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটা সময় এমনিতেই কাগজের টাকার ব্যবহার থাকবেনা। তাছাড়া ডিজিটাল ব্যাংকিংয়ে জাল নোটের ব্যবহার হওয়ার সুযোগ নেই। ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে পণ্য সংগ্রহ করতে যাতে ক্যাশ টাকা বহন করতে না হয় সেজন্যই সিটি মার্কেট থেকে এই ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা শুরু করলাম। এজন্য গ্রাহককে একটি কিউআর কোড দেয়া হবে এবং কার্ডের মাধ্যমে লেনদেন হবে।
চার দিনব্যাপি ক্যাম্পেইন চলাকালিন ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষনিক ফ্রি ডেভিট কার্ড প্রদান, পূবালী ব্যাংক অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা থাকবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
Reporter Name 





















