
মোঃ মনছুর আলম, জেলা প্রতিনিধি ভোলা : মেঘনা নদীতে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে ভোলা শহর ও আশপাশের এলাকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। দিন-রাত নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে বালু তোলার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
এতে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হয়ে তীব্র ভাঙন দেখা দেওয়ার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের যোগসাজে মেঘনার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ভারী ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর গভীর থেকে বালু তোলায় নদীর তলদেশে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। এতে নদীর পাড় দুর্বল হয়ে শহর রক্ষা বাঁধ, ঘরবাড়ি, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়েছে।
ভোলা শহরের বাসিন্দারা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে বেশি মাত্রায় ড্রেজিং কার্যক্রম চালানো হয়। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত অবৈধ ড্রেজার বন্ধ করা না গেলে ভয়াবহ নদীভাঙনের শঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।
পরিবেশবিদ ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত বালু উত্তোলন নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে এবং ভাঙনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই অবিলম্বে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান জোরদার করা প্রয়োজন।
Reporter Name 




















