
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ফিলিং স্টেশনসহ খোলা বাজরে আইন অমান্য করে জ্বালানি তেল বিক্রি বা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১১ টায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে বিদ্যমান কৃত্রিম সংকট নিরসনে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।
এছাড়া জেলার প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে ট্যাগ অফিসার থাকবেন, যারা স্টেশনগুলোতে তেল কোম্পানী থেকে সরবরাহকৃত তেল বিক্রি তদারকি করবেন। তেল সরবরাহের স্বচ্ছতা নিশ্চিত করতে তেল কোমপানিগুলোকে জেলার ফিলিং স্টেশনে সরবরাহকৃত তেলের পরিমাণ নিয়মিতভাবে ভিজিল্যান্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে মোটর বাইকে তেল নিতে হলে রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। স্লিপ ছাড়া কোনোভাবেই তেল সংগ্রহ করা যাবে না বলেও জানানো হয়। ভোক্তা পর্যায়ে বিশেষ করে ঠিকাদার, কৃষক ও জেলেদের জন্য অধিক পরিমাণ তেল নিতে হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে।
সভায় পিরোজপুর সেনা ক্যামপ কমান্ডার মেজর ইশরাক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল, জেলার পজেলা নির্বাহী অফিসারগন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, প্রেসক্লাব সভাপতি অ্যাড. এস, এম. রেজাউল শামীম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ুএর জেলা সভাপতি জিয়াউল আহসান, জেলার ফিলিং স্টেশনের প্রতিনিধি, বিভিন্ন তেল কোমপানির ডিপো প্রতিনিধি, ফায়ার সার্ভিস, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 





















