
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ সফিকুল ইসলাম জিসানকে (২০) আটক করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, সোমবার গভীর রাতে মাদ্রাসার হিফজ বিভাগের ওই শিক্ষক শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে নির্যাতন করেন। পরে অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের দাবি, ঘটনাটি গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়েছিল।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত শিক্ষক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং সম্প্রতি ওই মাদ্রাসায় যোগদান করেন। ভুক্তভোগী শিশুটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবে এবং শিশুটির চিকিৎসার দায়িত্ব নেবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 




















