
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া খালে পণ্যবাহী একটি ট্রলার ডুবে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
জানা যায়, ট্রলারটি সোমবার দুপুর প্রায় ২টার দিকে ঝালকাঠির বানিয়াপট্টি থেকে বিভিন্ন মুদি ও মনোহারি পণ্য নিয়ে রওনা দেয়। রাত প্রায় ৮টার দিকে তেঁতুলবাড়িয়া খালে নোঙর করা অবস্থায় হঠাৎ ট্রলারটি পানিতে ডুবে যায়।
ট্রলারটিতে হদুয়া বাজার, মোল্লারহাট বাজার, বোত্রা বাজারসহ মোট পাঁচটি বাজারের ব্যবসায়ীদের জন্য আনা মালামাল ছিল। বুধবার সকালে এসব পণ্য বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহ করার কথা ছিল।
ট্রলারডুবির ঘটনায় চাল, ডাল, আটা, ময়দা, সুজি, তেল, লবণসহ বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পানিতে নষ্ট হয়ে যায়। ব্যবসায়ীরা জানান, অধিকাংশ মালামাল আর বিক্রির উপযোগী নেই। তবে চাল ও ডালের মতো কিছু খাদ্যপণ্য কম দামে মাছের ঘেরে ব্যবহারের জন্য বিক্রি করার পরিকল্পনা রয়েছে।
পন্যবাহী ট্রলার এখনো পানির নিচে রয়েছে। স্থানীয়দের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন।
Reporter Name 



















