
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে সাতটি দোকানে চুরি সংঘটিত হয়েছে।শুক্রবার গভীর রাতে উপজেলার থানা ব্রীজ এলাকায় উক্ত ঘটনাটা ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, দুমকি থানা ব্রীজের খালের পূর্বপাশে মোঃ আলামিন এর মুদি দোকান। থানা ব্রীজের পশ্চিম পাশে গোলাম সারোওয়ার হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মোঃ মাহাবুব খানের মুদি দোকান, জাকির হোসেন খানের মুদি দোকান, আলো খানের চায়ের দোকান, ছিদ্দিক হাওলাদারের ভ্যারাইটিজ স্টোর, আঃ রব ও ইউনুসের ভাতের হোটেলের টিনের বেড়া কেটে দোকানে ঢুকে নগদ টাকা, সিগারেট, দুধ, তেলের বোতল নিয়ে চোর চক্র সটকে পড়ে।
খান স্টোরের মালিক মাহাবুব খান এ প্রতিবেদক’কে জানান, প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দোকান খুলে দেখি মালামাল এলোমেলো এবং দোকানের পিছন দিয়ে বেড়ার টিন কাটা।
অপর এক ব্যবসায়ী আলামিন স্টোরের মালিক আলামিন জানায় দোকানের টিনের চালা কেটে ভিতরে ঢুকে নগদ টাকা ও কিছু মূল্যবান মালামাল নিয়ে বের হয়ে গেছে। আমার দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত সাড়ে ১১টায় চোর ঢুকেছে এবং রাত সাড়ে ১২ টায় বের হয়ে গেছে।
স্হানীয়রা জানান, দুমকি থানার কাছে অবস্থিত থানাব্রীজ এলাকায় সাতটি দোকান চুরির ঘটনা খুবই হতাশাজনক। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে অত্র এলাকায় কোন নৈশ প্রহরী ছিলনা।
এব্যাপারে দুমকি থানার এসআই মোঃ তাওহীদ জানায়, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি।সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে এবং চোর ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে।
Reporter Name 




















