
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রথমে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিসহ মৎস্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য চাষ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।
তাঁরা মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের যথাযথ ব্যবহার এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় জেলার নির্বাচিত সফল মৎস্য চাষিদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
Reporter Name 




















