
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বরিশাল বিভাগীয় সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) নগরীর এক্সেস রোডে অবস্থিত মাঞ্জুমা প্যালেস কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইফতার মাহফিল উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আলী আরশাদ।
সংগঠনের মহাসচিব লিয়াকত আলী হাওলাদারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির সদস্য সচিব সৈয়দ মইনুল ইসলাম মঈন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইফতার মাহফিল আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল করিম, সহ-সভাপতি এম এইচ এস মিজান, সিনিয়র সহ-সভাপতি এম জহিরুল আলম এবং কেন্দ্রীয় সহ-সভাপতি ও দোয়া–ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির।
বক্তারা তাদের বক্তব্যে বরিশাল বিভাগের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। তারা বলেন, পবিত্র রমজান সংযম, তাকওয়া, ধৈর্য, দানশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। তাই হিংসা–বিদ্বেষ, পরশ্রীকাতরতা ও মিথ্যা অপবাদ থেকে বিরত থেকে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
কৃতি শিক্ষার্থীদের প্রসঙ্গে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে। তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে বরিশাল বিভাগীয় সমিতি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির সংগঠনের অন্যতম উপদেষ্টা কে এম মোয়াজ্জেম হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ভারতে চিকিৎসাধীন রয়েছেন।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল করিম ভবিষ্যতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি পৃথকভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মঞ্চে আসনগ্রহণকারী ব্যক্তিবর্গ এবং অঞ্চল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়া বিভাগের চেয়ারম্যান ড. আমিনুল হক।
অনুষ্ঠানের শেষপর্যায়ে আগ্রাবাদ সরকারি সিজিএস কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু হানিফা মোঃ নোমান দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত উপদেষ্টা, পৃষ্ঠপোষক, দাতা, আজীবন সদস্য ও সাধারণ সদস্যসহ উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
Reporter Name 



















