
নিজস্ব প্রতিবেদক : প্রায় দেড় বছর পর বরিশালের উজিরপুর উপজেলায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর থেকে পতাকাটি সেখানে দেখা যায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাত নেতাকর্মীরা উজিরপুর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে চলে যায়। পরবর্তীতে বিকেল থেকে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেন।
তবে শুক্রবার ওই পতাকাটি আর দেখা যায়নি। কে বা কারা খুলে ফেলেছে তাও বলতে পারেনি স্থানীয়রা।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানিয়েছেন, কে বা কাহারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে চলে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Reporter Name 




















