
ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভা-ারিয়া থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট কমিউনিটি পুলিশিং কমিটি (সিপিসি) গঠন করা হয়েছে।
ভা-ারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জুগলুল হাসানের স্বাক্ষরিত আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবক, ধর্মীয় ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া অধ্যাপক মো. মোফাজ্জল হোসাইন, মো. মিজানুর রহমান ও মো. সোহেল রানাকে সহসভাপতি; অ্যাডভোকেট নিরব ও সাহিদা বানু সনিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক; তানজিম হাসান কামালকে দপ্তর সম্পাদক এবং সাংবাদিক মো. মাসুম বিল্লাহকে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্যসহ মোট ২১ জনকে রাখা হয়েছে।
নতুন কমিটির মাধ্যমে এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সম্পৃক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি পুলিশের সঙ্গে জনগণের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়বে।
Reporter Name 


















