
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ তারিখের ভোট হবে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে আয়োজিত এই বিশাল সমাবেশে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় ভোটারদের আকাঙ্ক্ষা নিয়ে বক্তব্য রাখেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম উল্লেখ না করে রেজাউল করিম বলেন, বাকেরগঞ্জের একজন প্রার্থী বলেন যে তিনি নাকি ভোট করার জন্য প্রতিদ্বন্দ্বী খুঁজে পান না। আপনি কেন ভুলে যান যে অহংকারই পতনের মূল? হিংসা করবেন না। আগামী দিনে বাকেরগঞ্জবাসী ইনসাফের মার্কা এবং কুরআন-সুন্নাহর প্রতীক হাতপাখায় ভোট দিয়ে এর যোগ্য জবাব দেবে।
তিনি আরও যোগ করেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সাধারণ মানুষ শরিয়াহ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে।
বক্তব্যে চরমোনাই পীর উল্লেখ করেন যে, বাকেরগঞ্জের মানুষের সঙ্গে চরমোনাইয়ের দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী নির্বাচনে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বিপুল ভোটে নির্বাচিত করে ভোটাররা সংসদে পাঠাবেন।
জনসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মুফতি রেজাউল করিম আবরার, কেন্দ্রীয় সেক্রেটারি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সিরাজুল ইসলাম সিরাজী, ঝালকাঠি-নলছিটি আসনের সংসদ সদস্য প্রার্থী। হেদায়েতুল্লাহ আজাদী, চেয়ারম্যান, জাগুয়া ইউনিয়ন পরিষদ।
সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এসে শেষ হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক হাতপাখা প্রতীকের স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।
Reporter Name 



















