
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে হানা দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেদরকারী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ঘরের পুরুষ ও নারীদের অচেতন করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীরা হলেন স্থানীয় মাওলানা নোমান, মোফাজ্জল মিয়া এবং নূরুল হক মুন্সী।
জানা গেছে, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে ঘরে প্রবেশ করে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। এতে ঘরের সবাই অচেতন হয়ে পড়েন। এরপর ওই চক্রের সদস্যরা তিনটি ঘর থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যান।
ভুক্তভোগী মাওলানা নোমান বলেন, আমার বাড়ি থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। একইভাবে অন্য দুই বাড়ি থেকেও নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 




















