
নিজস্ব প্রতিবেদক : ১১৪ পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সদস্য করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন। এসময় উপস্থিত ছিলেন সমন্বয়কারী স্থপতি ইয়াকুব খান ও প্রতিনিধি তানজিল জামান জয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লিখিত বক্তব্যে বক্তারা বলেন, পটুয়াখালী-৪ আসনটি দুইটি উপজেলা, তিনটি থানা ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত। এ জনপদে রয়েছে শের-ই-বাংলা নৌঘাঁটি, পায়রা সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী বিদ্যুৎ প্লান্ট, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা কেন্দ্র, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, মা ইলিশ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রমসহ জাতীয় গুরুত্বপূর্ণ বহু স্থাপনা।
বক্তারা আরও উল্লেখ করেন, এত গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সম্ভাবনাময় এই জনপদের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের স্বার্থে এবিএম মোশাররফ হোসেনের মতো একজন সুদক্ষ ও অভিজ্ঞ সংসদ সদস্যকে যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হলে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। এজন্য তাঁকে মন্ত্রীসভার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
Reporter Name 




















