
নিজস্ব প্রতিবেদক : জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
আজ রোববার বেলা সড়ে ১১ টায় পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের বাসভবনের সামনের পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মৎস্য খাত। মাছের উৎপাদন আরও বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। টেকসই মৎস্য ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ মৎস্যসম্পদ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর পটুয়াখালীর আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
Reporter Name 




















