ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি ও ব্যবহারের দায়ে দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার উপস্থিত ছিলেন।

জানা গেছে, এক কৃষকের গরুকে আমেনা ঔষধালয়ের স্বত্বাধিকারী মিজানুর রহমান মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ করেন। পরে গরুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই কৃষক উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত আমেনা ঔষধালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পাশের ব্যবসায়ী মাসুদ সিকদারের দোকানেও অভিযান চালানো হয়। সেখানেও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে একই আইনের আওতায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার জানান, জনস্বার্থে ও পশুসম্পদের সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ব্যবহার রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।