নিজস্ব প্রতিবেদক : শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এক জোনাল অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

সভায় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্রসহ স্বাস্থ্য শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

 

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, কার্যক্রম পরিচালনার কৌশল, টিকাদান কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ক্যাম্পেইনটি শতভাগ সফল করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়।

 

সভাপতির বক্তব্যে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন শিশুস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের সুস্থ বিকাশ এবং অপুষ্টি প্রতিরোধে এ ধরনের জাতীয় কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি শিশুর কাছে এই সেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম বাস্তবায়নে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিশেষ কেন্দ্র স্থাপন করা হবে এবং ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে।

 

উল্লেখ্য, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে সহযোগিতা করছে ইউনিসেফ (UNICEF) ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল।

 

শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় এ কর্মসূচিকে সফল করতে বরিশাল সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।