নিজস্ব প্রতিবেদক : “আমরা চাই কি, শিক্ষা শান্তি-আমরা কারা, শান্তির পায়রা”শ্লোগানকে সামনে রেখে আনন্দঘন পরিবেশে বরিশাল জেলা খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে নয়টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি তার বক্তব্যে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ।

 

খেলাঘরের মতো সংগঠন শিশুদের সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে এবং সাধারণ সম্পাদক রেজাউল কবীর। বক্তারা খেলাঘরের দীর্ঘ পথচলা, শিশুদের অধিকার রক্ষা এবং তাদের সৃজনশীল বিকাশে সংগঠনটির বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

 

দিনব্যাপী আয়োজনে বরিশাল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক শিশু, খেলাঘরের স্থানীয় সংগঠক এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন। এ সময় পতাকা উত্তোলন, ফেস্টুন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং সংগঠন-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, শিশুদের সৃজনশীলতা বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।