ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ভিন্ন অপরাধে তিন ব্যক্তিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার সকাল ৬টায় ভান্ডারিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভান্ডারিয়া পৌর প্রশাসক হাসিবুল হোসেন।

 

আদালত সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও জনস্বার্থে ভান্ডারিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে নি¤œলিখিত অপরাধে জরিমানা করা হয়।

 

দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ফুটপাত দখল এবং সিলিন্ডার গ্যাস বিক্রির বৈধ লাইসেন্স না থাকার অপরাধে ফল ব্যবসায়ী আরিফ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে নিজাম সরদার নামের এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ ধারা মোতাবেক ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

একই অভিযানে রাস্তায় মাছের নোংরা পানি ফেলে পরিবেশ দূষণ ও জনগণের দুর্ভোগ সৃষ্টির অপরাধে জিহাদ সরদার নামের এক ব্যক্তিকে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮ ধারার চতুর্থ তফসিলের ১০ নম্বর অনুচ্ছেদের ১০৯ নং ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা করা হয়।