নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত একটি ঘোড়া প্রায় ৭ দিন পর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে চিকিৎসা পেয়েছে। তবে এখনো পর্যন্ত ঘোড়াটির মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার কসবা এলাকায়, মেসার্স নূর পান আড়তের উত্তর পাশে আহত অবস্থায় ঘোড়াটিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। বিশেষ সংবাদ ইভেন্ট

স্থানীয় বাসিন্দা মো. ইউনুস খান জানান, বড় কসবা আল্লাহর মসজিদের সামনে দিয়ে ঘোড়াটি চলাচল করছিল। এ সময় একটি অজ্ঞাতনামা বাসের ধাক্কায় এটি গুরুতর আহত হয়। এরপর প্রায় ৭ থেকে ৮ দিন ধরে ঘোড়াটি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। এই সময়ে এটি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না, এমনকি খাবার গ্রহণও প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি আরও জানান, ঘোড়াটিকে কিছু ঘাস দেওয়া হলেও সেটি ঠিকভাবে খেতে পারছে না। এখনো পর্যন্ত ঘোড়াটির মালিক শনাক্ত করা সম্ভব হয়নি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার জানান, “গতকাল থেকে ঘোড়াটির চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি এক পাশে কাত হয়ে শুয়ে আছে। ধারণা করা হচ্ছে, বাসের ধাক্কায় গুরুতর আঘাত পেয়েছে। প্রয়োজনীয় ইনজেকশন দেওয়া হয়েছে। গতকালের তুলনায় আজ কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি সুস্থ হতে আরও কয়েকদিন সময় লাগবে।