নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর রেজাউল হাওলাদার (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (৭ জুন) সকালে উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকার একটি ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেজাউল হাওলাদার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রেজাউল। রোববার সকালে স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।