চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে যৌথ বাহিনীর পৃথক দুইটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে নগদ অর্থসহ গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে ৯ টা ৪০ মিনিটের সময় চরফ্যাশন আসলামপুর ইউনিয়ন থেকে একজন এবং ভোর রাত সাড়ে ৩ টার দিকে উপজেলা দক্ষিণ আইচা এলাকা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ আইচা যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আইচা গ্রামের মৃত মুছা মাঝির ছেলে মো. বাবুল (৩৫) কে ১৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫ হাজার ৭০ টাকা সহ আটক করে তাকে থানায় হস্তান্তর করা হয়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে চরফ্যাশন যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টা ৪০ মিনিটের সময় চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ওই এলাকার বাসিন্দা মো. ইকরাম(৩৪) কে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে থানায় হস্তান্তর করা হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চরফ্যাশন উপজেলায় মাদক নির্মূলে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে কাজ করছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা যৌথ বাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে তারা বলেন, মাদক নির্মূলে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা খুবই প্রশংসনীয়। আমরা চাই, এমন অভিযান নিয়মিত হোক যাতে মাদক সম্পূর্ণ নির্মূল করা যায়।