নিজস্ব প্রতিবেদক : অবশেষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ডের নেতৃত্বে দখল হয়ে যাওয়া কলাপাড়া পৌরসভার পয়োনিষ্কাশনের একমাত্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে পৌরসভার এতিমখানা কালভার্ট ও রহমতপুর অংশ থেকে যৌথভাবে এ উচ্ছেদ শুরু হয়। প্রথম দফায় চিহ্নিত ৭৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
গত ফেব্রুয়ারি মাসে একাধিক গণমাধ্যমে রহমতপুর খাল দখল ও দূষণে ভরাট হয়ে গেছে, শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন প্রথম দফায় খালের ময়লা আবর্জনা অপসারণ করলেও আজ থেকে শুরু হয়েছে দখল হয়ে যাওয়া খালের জমি উদ্ধার অভিযান। এ জমিতে ৭৮টি স্থাপনা নির্মাণ করেছে দখলদাররা।
দীর্ঘ বছর পর রহমতপুর খালের স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় খুশি পরিবেশকর্মীসহ পৌরবাসী। সকাল থেকে শতশত মানুষ প্রশাসনের উচ্ছেদ অভিযানের সাথে একাত্মতা প্রকাশ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক বলেন, পৌরসভার সরকারি খাল দখলের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এঅভিযান অব্যাহত থাকবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, রহমতপুর খালে চিহ্নিত ৭৮টিসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। স্থাপনা অপসারণ শেষে সরকারি নির্দেশনা অনুযায়ী খাল খনন শুরু হবে। এজন্য একটি প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।