নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি পৌরসভার আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট (ডাম্পিং স্টেশন) স্থাপনে জমি নির্বাচন করা হয়েছে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কুনিহারী মৌজার চামটা গ্রামে। সকল প্রক্রিয়া শেষে জমি অধিগ্রহণের জন্য অনুমোদনও হয়েছে। তিন ফসলি কৃষি জমিতে এ ধরনের প্লান্ট বাস্তবায়নের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত হন ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য (এমপি) ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি স্থানীয়দের বক্তব্য শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
ফসলি জমিতে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম, প্রবীণ শিক্ষক জয়নুল আবেদীন, সংরক্ষিত ইউপি সদস্য রহিমা বেগম, ইউপি সদস্য রাইসুল ইসলাম রাতুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি কাইউম তালুকদার, ওই এলাকার বাসিন্দা ও রাজাপুর ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা অলিউর রহমান, মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন তালুকদার, কৃষক ইউনুচ তালুকদার, কৃষক জামাল তালুদার, কৃষক সৈয়দ জিয়াউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবছর এ জমিতে আমন, বোরো, খরিপ মৌসূমে সূর্যমূখী-সরিষা, সাথী ফসল হিসেবে খেসারী চাষাবাদ করা হয়| চামটা, দারখী, ডোমঝুরি, আগলপাশা ও কুনিহারী এলাকার সমন্বয়ে বিশাল ফসলের মাঠে কোন ডাম্পিং স্টেশন হতে দেয়া হবে না। পৌরসভা এলাকার ময়লার ভাগার আমাদের বুকের উপরে ফসলী জমি নষ্ট করে হবে| যা দিয়ে আমরা জীবন-জীবিকা নির্বাহ করি| আমাদের আবাসিক এলাকায় ফসলী জমির উপরে এমন প্রস্তাব গ্রহণের সময় এলাকাবাসীর কাউকে কোন ধরনের অবহিত না করেই চুড়ান্ত করেছে| আমরা সর্বশক্তি প্রয়োগ করে এর প্রতিবাদ করবো| এর জন্য প্রয়োজনে আমরা রক্ত দিবো, জান দিবো কিন্তু জমি দিবো না| এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী শতাধিক লোকের চোখে-মুখে ক্ষোভের চিত্র ফুটে ওঠে।
এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচীর সংবাদ শুনে শেষের দিকে উপস্থিত হন ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য (এমপি) ইসরাত সুলতানা ইলেন ভুট্টো| তিনি স্থানীয়দের দাবী ও ক্ষোভের বক্তব্য শুনেন| এখানে যাতে ডাম্পিং স্টেশন না হয় সেজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।