নিজস্ব প্রতিবেদক, গাজীপুর | ২০ এপ্রিল ২০২৬
গাজীপুরে শুরু হয়েছে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। আজ শহরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ ছায়াবীথিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির।
বক্তারা বলেন, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় গাজীপুর জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে একটি করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ জন্য জেলার কমিউনিটি পর্যায়ে ৯৩৬টি এবং বিদ্যালয় পর্যায়ে ২৩৪টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে গাজীপুর জেলায় হাম ও রুবেলা রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।