নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১০ দিন পর পেট্রোল সরবরাহ শুরু হওয়ায় বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সাজু পাম্পে সৃষ্টি হয়েছে তীব্র ভিড়।

 

পেট্রোল নিতে মোটরসাইকেলের প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে।

 

জানা গেছে, টানা সরবরাহ সংকটের কারণে গত কয়েকদিন ধরে পাম্পে জ্বালানি তেল পাওয়া যাচ্ছিল না। অবশেষে সরবরাহ শুরু হলে হঠাৎ করে ভিড় বাড়ে এবং নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ রেশনিং পদ্ধতিতে পেট্রোল ও অকটেন বিতরণ শুরু করে।

পাম্পটির ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নূর হোসেন। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে।

 

এদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মোটরসাইকেল চালকরা। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।