নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে চলমান সুপেয় পানির তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছে পিরোজপুর পৌর এলাকার বাসিন্দারা। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর উদ্যোগ না পেয়ে সড়কে নেমেছে তারা।
বুধবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার সামনে পৌরবাসীর ব্যানারে ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বাসিন্দা অংশ নেয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পৌরসভার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তাদের দাবির প্রতি দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত পানি সরবরাহ বন্ধ কিংবা অনিয়মিত হয়ে পড়েছে। অনেক এলাকায় সপ্তাহে এক-দুই দিনও পানি পাওয়া যায় না। ফলে সাধারণ মানুষকে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে।
তারা বলেন, চলতি গ্রীষ্ম মৌসুমে এ সংকট ভয়াবহ রূপ নিয়েছে। অনেক পরিবারকে প্রয়োজনীয় পানির অভাবে স্বাস্থ্যঝুঁকির মুখেও পড়তে হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, গৃহিনী এবং কর্মজীবী- সব শ্রেণির মানুষই এ সংকটে ভুক্তভোগী।
বক্তাদের অভিযোগ, পানির লাইনের পুরনো ও জরাজীর্ণ অবস্থা, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব এবং পরিকল্পনার ঘাটতির কারণেই এ সমস্যা দীর্ঘদিন ধরে চলছে।
তারা বলেন, বারবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি।
বক্তারা দ্রুত পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, নষ্ট পাইপলাইন সংস্কার এবং নিরবচ্ছিন্ন সুপেয় পানির নিশ্চয়তার দাবি জানান। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলন আরো কঠোর কর্মসূচিতে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, কর্মসূচি চলাকালে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের আশা, তাদের এই যৌক্তিক দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসবেন।