নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

স্থানীয়, আহত ও থানায় লিখিত অভিযোগ সূত্র জানা গেছে, আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পূর্বসুজনকাঠি গ্রামের হোসেন মোল্লার তিনটি মেহগনিগাছ একই বাড়ির মিজান মোল্লা কেটে নিয়ে যান।

 

এ সময় বাধা দিলে মিজান মোল্লার নেতৃত্বে হোসেন মোল্লা, নুরুন্নাহার ও রহিমা বেগমকে মারধর করে আহত করে। তাঁরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে গেলে দ্বিতীয় দফায় মিজান মোল্লার নেতৃত্বে হাসান মোল্লাসহ কয়েকজন মিলে হোসেন মোল্লা, নুরুন্নাহার, জলিল মোল্লা, জুবায়ের, জালাল মোল্লা, শাহাদাত মোল্লা ও রহিমা বেগমকে হাসপাতালের সামনে মারধর করে।

 

এ সময় দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের মিজান মোল্লা, মারুফা বেগম, হাসান মোল্লা ও ফজিলা বেগম আহত হন।

পরে হোসেন মোল্লার পরিবারের সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রতিপক্ষের মিজান মোল্লা, মারুফা বেগম, হাসান মোল্লা ও ফজিলা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ঘটনায় খলিল মোল্লা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেন।

 

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।