নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে বিপুলভোটে নির্বাচিত সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে মন্ত্রীসভার সদস্য হিসেবে মনোনীত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
বাবুগঞ্জ উপজেলায় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বরিশাল-৩ আসন দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চনার শিকার। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে কার্যকর নেতৃত্ব অপরিহার্য।
সেই বিবেচনায় সদ্য নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন একজন পরীক্ষিত ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য দাবিদার।
বক্তারা আরও বলেন, তাকে (জয়নুল) মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হলে দীর্ঘদিনের অবহেলিত বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাসহ পুরো বরিশাল অঞ্চলের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথ সুগম হবে।
সমাবেশে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহবান জানিয়ে বলেন, বরিশাল-৩ আসনের জনগণের রায় ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হোক, যাতে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখা সম্ভব হয়।
সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, বিএনপি নেতা মনিরুজ্জামান খোকন মাস্টার, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, এইচএম লিমন শিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকিব হোসেন ইমরান, যুগ্ম আহবায়ক যুবায়ের হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কৃষি কলেজ ছাত্রদল নেতা সালমান মাহমুদ, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফিরদাউস খান, ছাত্রদল নেতা মোহাম্মদ আজাদ হোসেন প্রমুখ।