ডেস্ক সংবাদ : পটুয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে চালক বাসটি রাস্তার পাশে নামিয়ে দেয় বলে জানায় পুলিশ।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস ডোবায় পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীরা সামান্য আহত হয়েছেন।

 

শনিবার বেলা ১১টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে উপজেলার দুধল মৌ এলাকার গোলদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার এসআই নাজমুল মোল্লা জানিয়েছেন।

 

নিহত জিহাদ সরদার (২৫) বগুড়ার সোনাতলা থানার বালিয়াখালী এলাকার বাসিন্দা সবুর সরদারের ছেলে। তিনি চালকের সহকারী ছিলেন।

 

এসআই নাজমুল মোল্লা বলেন, লাবিবা পরিবহনের বাসটি পটুয়াখালী থেকে ৩৬ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে বাসটি বিপরীত দিক থেকে মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনে পড়ে। তবে মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক বাসটি রাস্তার পাশে নামিয়ে দেয়। এতে বাসটি ডোবায় পড়ে উল্টে যায়।

 

তিনি বলেন, যাত্রীরা কেউ গুরুতর আহত হয়নি। তবে বাসের নিচে চাপা পড়ে চালকের সহকারী জিহাদ মারা যান। বেলা ৩টার দিকে ডোবা থেকে বাসটি উদ্ধার করা হয়। এ সময় জাহিদের লাশও উদ্ধার করা হয়।

 

পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাসটি লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এসআই নাজমুল মোল্লা।

লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।