নিজস্ব প্রতিবেদক : বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য জনগণ তাদের ভোটের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানকে জাতির নেতা হিসেবে নির্বাচিত করেছেন।
তিনি বলেন, এ বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে—পেশিশক্তির চেয়ে গণতন্ত্রের শক্তি অনেক বড়, আর জনগণের শক্তিই চূড়ান্ত শক্তি।
শুক্রবার (গতকাল) বাদ জুমা বরিশালের গৌরনদী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত শোকরানা দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম. জহির উদ্দিন স্বপন আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে অশ্লীল বক্তব্য ও কূতর্কের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, দেশের মানুষ ভোটের রায়ের মাধ্যমে তাদের মুখে কালিমা লেপে দিয়েছে। এই বিজয় গণতন্ত্রের বিজয়, জনগণের বিজয়।
তিনি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
জাতীয় সংসদের ১২১ নম্বর বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় এবং সারাদেশে বিএনপির গৌরবোজ্জ্বল বিজয়ের পরিপ্রেক্ষিতে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এই শোকরানা দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম খান সেন্টুসহ দলীয় নেতৃবৃন্দ।