নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে আন্দোলনরতদের ছত্রভঙ্গ ও নিবৃত্ত করতে নিজেই মাঠে নেমেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ওই ঘটনার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা ছিল বেশ জোড়ালো।

 

গত শুক্রবার নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে (প্রধান উপদেষ্টার বাসভবন) অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করে পুলিশ।

 

সেদিনের ঘটনার প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি। মঙ্গলবার দুপুরে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ডিএমপি কমিশনার সাজ্জাদ সাহেব সম্ভবত অমরত্ব লাভ করতে যাচ্ছেন। লাঠি হাতে গত শুক্রবার তিনি যে ভূমিকা পালন করেছেন তা নির্বাচনের বিরুদ্ধের বড় বড় ষড়যন্ত্র রুখে দিয়েছে

 

সাবেক এই এমপি আরও লিখেছেন, ‘অনেকে তার সমালোচনা করছে। কিন্ত আম-জনতা সেদিনের পুলিশি অ্যাকশনে মহাখুশি। নির্বাচনে বিজয়ীরা জনাব সাজ্জাদকে মনে রাখবেন কিনা জানিনা। তবে আল্লাহ নিশ্চয়ই তাকে উত্তম প্রতিদান দিবেন।

 

এদিকে রনির পোস্টে অজস্র ফেসবুক ব্যবহারকারী লাইক-কমেন্টস করেছেন। যার মধ্যে শাহজাহান সিরাজ নামের একজন মন্তব্য করেছেন, দায়িত্বশীল ব্যক্তি, নিজের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল।

 

জোয়ানা লাকী মন্তব্য করেছেন, রাষ্ট্রের স্বার্থে নির্ভীক অ্যাকশন নেওয়া সহজ নয়—সেটাই করে দেখিয়েছেন ডিএমপি কমিশনার।

 

সাইয়েম হোসাইন মন্তব্য করেছেন, ওইদিন পুলিশ অ্যাকশন না নিলে পরিস্থিতি অন্যদিকে গেলেও অবাক হওয়ার কিছু থাকতো না।

 

মোহাম্মদ রাশেদ মন্তব্য করেছেন, সহমত, এইরকম দ্বায়িত্বশীল পুলিশ অফিসার বেশি বেশি দরকার।