নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান আজ দুপুর ১২টায় বেলেস্ পার্ক মাঠে বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দেবেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশালের মাটিতে তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উল্লাস বিরাজ করছে।

 

সমাবেশে বরিশাল বিভাগের ৬টি জেলার ২১টি সংসদীয় আসনে বিএনপি ও শরিক দলগুলোর প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

 

দলীয় সূত্রে জানা গেছে, এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেবেন।

 

সমাবেশকে ঘিরে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হচ্ছেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশ এলাকা।

 

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বকে সামনে থেকে দেখার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত।

 

বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের এই সমাবেশ বরিশাল বিভাগে দলীয় সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।