চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনে ডাকবাংলো’র পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে লাবিব মাহমুদ খান (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিত স্কুল ছাত্র চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী ও চরফ্যাশন বারের আইনজীবী এডভোকেট শিহাব মাহমুদের ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
২৭ জুলাই৷ সোমবার দুপুরে টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সাথে বিদ্যালয়ের আন্ত: শ্রেণী ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের পর বিদ্যালয়ের বিপরীত পাশে ডাক বাংলো’র পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, পানিতে ডুবির খবর পেয়ে আমি ডাকবাংলোর পুকুরের পারে অবস্থান নেই আমার সম্মুখেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।
চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম জানান, বিদ্যালয়ের আন্ত শ্রেণী ফুটবল প্রতিযোগিতা চলছিল।
ফুটবল খেলার পরে নিহত লাবিব মাহমুদ খান তার বন্ধুদের নিয়ে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এদিকে নিহত লাবিবের বাবা ডাক বাংলোর পুকুরে তার ছেলেকে উদ্ধারের সহযোগিতা করতে দেখা গেলেও মৃতের ঘোষণার পর তিনি বেহুশ হয়ে পরেন। নিহতের পরিবার ও এলাকায় চলছে এখন শোকের মাাতম।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।