সাইফুল ইসলাম, বরিশাল থেকে : গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বরিশাল নগরীতে নেতাকর্মীদের ঢল নামে। শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিতে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল, ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন।
সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো মিছিলের পদচারণায় মুখর হয়ে ওঠে। সমাবেশস্থল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একের পর এক মিছিল এসে জড়ো হতে থাকে। আয়োজকদের দাবি, বিভাগজুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিতে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র টাউন হল চত্বর থেকে উপজেলা আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ও সেক্রেটারি আব্দুস সালাম মাঝির নেতৃত্বে  একটি শৃঙ্খলাবদ্ধ মিছিল বের করেন। ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা বহনকারী মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে পৌঁছে বিভাগীয় সমাবেশে যোগ দেয়।
এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিয়েছেন। জনগণের অধিকার আদায়ে আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশকে ঘিরে নগরীতে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।