খেলা ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে গোল্ডেন বুটের লড়াইয়ে কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে আবারও এগিয়ে গেছেন লিওনেল মেসি।
বাংলাদেশ সময় শনিবার ভোরে মায়ামি স্টেডিয়ামে ম্যাচের ২৯তম মিনিটে করা মেসির সেই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আসরে এটি তার সপ্তম গোল। ৬ গোল নিয়ে তার পরেই ফ্রান্সের তারকা এমবাপে।
সব মিলিয়ে বিশ্বকাপে মেসির রেকর্ড গোলসংখ্যা বেড়ে হলো ২০টি। বিশ্বকাপে টানা গোল করার রেকর্ডটাও বাড়িয়ে নিলেন ফুটবল জাদুকর। বৈশ্বিক আসরে এ নিয়ে টানা আট ম্যাচ গোল করলেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।
বিশ্বকাপে রেকর্ড ১৪বার ম্যাচ সেরার পুরস্কারও পেলেন মেসি।
দুইবার সমতায় ফিরলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি কেপ ভার্দে। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শুরুতে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিসান্দ্রো মার্তিনেস। লড়াকু পারফরম্যান্স দিয়ে পরে আবার সমতা ফেরায় কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেসির কর্নার কেপ ভার্দের একজনের মাথা ছুঁয়ে জালে জড়ালে স্বস্তি ফেরে আর্জেন্টিনা সমর্থক শিবিরে।