নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুরের ভুয়া পিএইচডি নিয়ে সংবাদ প্রকাশের বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে সুব্রত কুমারের পিএইচডি যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট সুপারিশসহ যথাশীঘ্রই রেজিস্ট্রার দপ্তরে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক অফিস আদেশে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল কায়েস এবং সদস্য-সচিব পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক মো. মশিউর রহমান।
অফিস আদেশে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালকের দপ্তরের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পরিচালক, সুব্রত কুমার নথিভুক্তির জন্য কোনোরূপ আবেদন, কাগজপত্র, পিএইচ,ডি সনদপত্র দাখিলের বিষয়টি তোয়াক্কা না করে অর্থ ও হিসাব দপ্তরে বোর্ড এবং নামফলকে পিএইচ.ডি ডিগ্রি লিপিবদ্ধ করেছেন যা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তার পিএইচ.ডি ডিগ্রি বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আদেশটিতে তদন্ত কমিটিকে তিনটি নির্দেশনা দেয়া হয়েছে
ক) সংশ্লিষ্ট তদন্ত কমিটি তার পিএইচ.ডি ডিগ্রির অনুমতি, বেতন-ভাতাদিসহ যাবতীয় তথ্যাদি যাচাই-বাছাই করবেন।
খ) সংশ্লিষ্ট কমিটি তার চাকুরির আবেদনকালে দাখিলকৃত আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদপত্র যাচাই-বাছাই করবেন।
গ) সংশ্লিষ্ট কমিটি সুনির্দিষ্ট সুপারিশসহ যথাশীঘ্র তদন্ত প্রতিবেদন রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয় বরাবর দাখিল করবেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ২৩ ই জুন বিভিন্ন পত্রিকায় সুব্রত কুমার বাহাদুরের ভুয়া পিএইচডির ব্যবহার নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, সুব্রত কুমার বাহাদুর পিএইচডি ডিগ্রি অর্জনের কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে জমা না দিয়েই তার দপ্তরের অনারবোর্ড ও নাম ফলকে পিএইচডি ডিগ্রি ব্যবহার করছেন।