
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের মেহেন্দীগঞ্জ উপজেলায় নানার বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের প্রবাসী ছাইদুল হাওলাদারের সন্তান। তাদের বাবা বিদেশে থাকায় মা সন্তানদের নিয়ে নানার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে খাবার খাওয়ার পর শিশু দুটি বাড়ির বাইরে খেলতে যায়। কিছু সময় পর তাদের খোঁজ না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ছাফিয়া আক্তারের মরদেহ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধারের সময় ছাহাদ হোসেনকেও পানির নিচে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।
পরে দ্রুত তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
Reporter Name 





















